সিরাজগঞ্জ সদর উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাচালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজিচালক আশিক আহমেদ। আহত বিষ্ণ হাওলদার নিহত ঠাকুর হাওলদারের ছেলে। তাকে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুর হাওলদার ছেলে বিষ্ণ হাওলদারকে নিয়ে ভদ্রঘাট বাজার থেকে একটি অটোরিকশায় সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বহুতি বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশিক আহমেদ ও যাত্রী ঠাকুর হাওলদারের মৃত্যু হয়। আহত অবস্থায় স্থানীয়রা বিষ্ণ হাওলদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি বাড়িতে নিয়ে যান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতদের স্বজনরা মরদেহ দুটি নিয়ে যান। এ ঘটনায় নিহত ঠাকুর হাওলদারের ছেলে বিষ্ণ হাওলদার হাসপাতালে চিকিৎসাধীন।