ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ

সিরাজগঞ্জ শহরে এক মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মিন্টু শেখকে শোকজ করা হয়েছে। তবে ভিডিওটি এডিট করা দাবি করে এটি ছড়িয়ে সম্মানহানির অভিযোগে সিরাজগঞ্জের দুই সাংবাদিক সোহান শেখ ও ইউসুফ উজ্জামানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই বিএনপি নেতা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জেলা বিএনপির পক্ষ থেকে মিন্টু শেখকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা নোটিশে আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, বৃহস্পতিবার একটি মানববন্ধনে বক্তব্য শেষে মিন্টু শেখ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিএনপির দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দলের নজরে আসে। এ কারণেই তাকে শোকজ করা হয়েছে। এখন তিনি তার লিখিত ব্যাখ্যা দেবেন।

এদিকে শোকজের ঘটনার পর মিন্টু শেখ সিরাজগঞ্জের দুই সাংবাদিক সোহান শেখ ও ইউসুফ উজ্জামানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, ভিডিওটি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মানহানি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।