নাটোরে একটি জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরি করেছে দুই চোর। তালা ভেঙে বের করা টাকা দুটি বস্তায় ভরে নিয়ে যেতে দেখা যায় মসজিদেরই সিসিটিভি ফুটেজে। চুরির কাজ শেষ হয় আট মিনিটের মধ্যে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সে এ চুরির ঘটনা ঘটে। তবে চুরির ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়লেও চোরের মুখ ঢাকা থাকায় তাদের শনাক্ত করা যায়নি। মসজিদ কর্তৃপক্ষের দাবি, এর আগেও মসজিদের দানবাক্স থেকে অন্তত ৮ হাজার টাকা চুরি হয়েছিল। এবার চুরি হওয়া টাকার পরিমাণ প্রায় ১ লাখ টাকার মতো হবো।
মসজিদ কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন মন্ডল বলেন, ‘চোরের ভয়ে মজবুত করে দানবাক্স তৈরি করা হয়েছিল। দানবাক্সের সুরক্ষার জন্য ভেতরে-বাইরে পৃথক দুটি মজবুত তালা ব্যবহার করা হয়। সেই তালা ভেঙেই টাকা চুরি করেছে দুই চোর।’
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ৩টা ৫৭ মিনিটে দুই চোর দানবাক্সের তালা ভেঙে টাকা বের করে দুটি বস্তায় ভরে। চুরি শেষ হলে টাকার বস্তা দুটি মাথায় নিয়ে ৪টা ৫ মিনিটে মসজিদ থেকে চলে যায়।
মসজিদের ইমাম ও মুয়াজ্জিন জানান, ফজরের নামাজের জন্য মসজিদে এসে তারা দানবাক্সটি ভাঙা অবস্থায় দেখেন। পরে এ নিয়ে মসজিদের আগত মুসল্লিদের মধ্যে শোরগোল শুরু হয়। নামাজ আদায়ের পর ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির বিষয়টি নিয়ে মসজিদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ টাকা উদ্ধার ও চোরদের ধরতে পারেনি এখনও।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, ‘ধর্মীয় উপসানালয়ের টাকা চুরি খুবই দুঃখজনক। সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার ও চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’