বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম ও সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন এ তথ্য জানান।
স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, কুড়িগ্রাম ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করে। এ সময় হঠাৎ ট্রেনের শেষের দিকে থাকা একটি মালবাহী বগি লাইনচ্যুৎ হয়। এতে ট্রেনটি স্টেশনেই আটকা পড়ে যায়। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনও যাত্রী হতাহত হয়নি।
এদিকে দুর্ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল তৎপরতা শুরু করে। সোমবার রাত ১০টার দিক আটকে থাকা ট্রেনের লাইনচ্যুৎ বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে নিরাপদে আলাদা করা হয়। এরপর বাকি বগিগুলো নিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
রাত সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি রেললাইন থেকে উদ্ধার করা হয়। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত সম্পন্ন হয়েছে। লাইন নিরাপদ ঘোষণা করার পর রাত সাড়ে ১১টার দিকে উত্তরবঙ্গের রুটে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রী ও স্থানীয় জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রী আবদুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রেনটি ৫-৬ ঘণটা দেরিতে ছেড়েছিল। এরপর লাইনচ্যুত হয়ে অন্তত সাড়ে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দা পারভেজ প্রামানিক বলেন, ট্রেনটি রেলগেটে লাইনচ্যুত হওয়ার পর দুই পাশের মানুষের চলাচল দীর্ঘসময় বন্ধ থাকে। এতে দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম জানান, ট্রেনটির শেষের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। ক্ষতিগ্রস্ত বগিটি কেটে আলাদা করে রেখে দুই ঘণ্টা ১৫ মিনিট চেষ্টার পর ট্রেনটি উদ্ধার করে তিন নম্বর প্লাটফরমে আনা হয়। ওই বগি রেখে ট্রেনটি ঢাকার দিকে যাত্রা করে। রিলিফ ট্রেন আসার পর রাত সাড়ে ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
তিনি আরও জানান, কী কারণে বগিটি লাইনচ্যুত হয় সে ব্যাপারে নিশ্চিত হতে তদন্ত কমিটি গঠন করা হবে।