কোচিং সেন্টারে শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, ঘটনাস্থলে ইউএনও-ওসি

বগুড়ার সারিয়াকান্দিতে দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। কোচিং সেন্টারটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে কোচিং সেন্টারটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে তাৎক্ষণিকভাবে সিলগালা করে।

পুলিশ, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সারিয়াকান্দির ফুলবাড়ি বাজার এলাকায় অবস্থিত দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। ভিডিওতে কোচিং সেন্টারের পরিচালক নয়ন কুমার রাজভরের নামও উল্লেখ করা হয়েছে। পরে ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সকালে কোচিং সেন্টারের সামনে এবং ফুলবাড়ি বাজারের তেঁতুলতলা এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় কোচিং সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, বগুড়া জেলা যুবদলের সহসাহিত্যবিষয়ক সম্পাদক আবু জাফর, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান বুলবুল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ সামছুল এবং ছাত্রনেতা সাফায়েত হোসেন সাব্বিরসহ স্থানীয়রা।

সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক নয়ন কুমার রাজভর নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। একটি কোচিং সেন্টারের ভেতরে পরিচালকের সামনে কোমলমতি শিক্ষার্থীরা কীভাবে এ ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং তা কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তা আমাদের বোধগম্য নয়। আমরা কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।’

পরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের নির্দেশে কোচিং সেন্টারটির কার্যক্রম বন্ধ করে সেটি সিলগালা করা হয়।

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমরা এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। ঘটনাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও ধরনের অবনতি না হয়, সে জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’

ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, ‘ঘটনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীর দাবির ভিত্তিতে কোচিং সেন্টারটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি।’