খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা

বগুড়া মহানগরীর সুলতানগঞ্জপাড়ায় ‘গ্রিন অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ’র কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল জানান, মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে মহানগরীর সুলতানগঞ্জপাড়ায় ‘গ্রিন অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ’ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, এ সময় কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি, গুণগত মান যাচাই, সনদহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার, খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ দিয়ে খাদ্য তৈরি, মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ব্যবহার করে বিস্কুট তৈরি, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক রং ও ফ্লেভার ব্যবহার, প্রস্তুত করা খাদ্যের ব্যাচ নম্বর নেই, খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত রাসায়নিক সম্পর্কে মোড়কে মিথ্যা তথ্য ঘোষণা এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না।

প্রতিষ্ঠানের মালিককে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৪২ ধারা লঙ্ঘন করার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিক আদায় করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে ব্যাখ্যা তলব করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল, খাদ্য পরিদর্শক সাখাওয়াত হোসেন ও অন্য সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি টিম।