রাবির উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধের পর হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, নেওয়া হলো আরও যেসব সিদ্ধান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমানকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (রাত) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রতিনিধিদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাত সোয়া ১টার দিকে বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম প্রশাসনের সিদ্ধান্তগুলো জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্তে হামলার ঘটনায় দোষী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের প্রাথমিকভাবে বহিষ্কার করা হবে। একই সঙ্গে তাদের নাম উল্লেখ করে মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে। হামলার পেছনে ইন্ধন ও উস্কানিদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করার প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও শিক্ষার্থীরা। একপর্যায়ে আন্দোলনকারীরা উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ করে রাখেন। পরে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলে সাংবাদিক ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা আলোচনায় বসেন। রাত ১১টার দিকে শুরু হওয়া ওই বৈঠক দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে। আন্দোলনকারীদের ছয় দফা দাবি নিয়ে আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, আমরা ৭২ ঘণ্টার মধ্যে তদন্তের রিপোর্ট পাবো এটাই আশা। এরপর প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যে শাস্তির বিধান আছে, তা নিশ্চিত করা হবে। পরবর্তী তদন্তের জন্য সিন্ডিকেট সভা ডেকে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে সিদ্ধান্ত নেবো, সেটার ওপর আস্থা রাখুন।