নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান তরুণ কিরিল ল্যান্ডার উইবারের (২০) ব্যাগ নিয়ে পালিয়ে গেছে এক চোর। ব্যাগটিতে অ্যাপেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ও ক্যামেরা ছিল। এসব সরঞ্জাম উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) বিকালে নাটোর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো ভ্রমণের স্মৃতি ধরে রাখতে ল্যাপটপ ও ক্যামেরা সঙ্গে নিয়ে এসেছিলেন জার্মানির নাগরিক কিরিল।
কিরিল জানান, ভ্রমণের অংশ হিসেবে বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহারে যান তিনি। সেখান থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন। পরে অন্য একটি ট্রেনে দর্শনা হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এ জন্য নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন তিনি।
কিরিল ল্যান্ডারের ভাষ্য, এ সময় ট্রেনের টিকিট কেটে দেওয়ার কথা বলে ২০ বছর বয়সী এক যুবক তার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে ওই যুবক তার ল্যাপটপ ও ক্যামেরা থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যান। পরে তাকে আর খুঁজে পাননি কিরিল।
এরপর স্থানীয়দের সহায়তায় নাটোর সদর থানায় গিয়ে ব্যাগটি চুরি যাওয়ার অভিযোগ করেন তিনি।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, বিদেশি তরুণের ব্যাগ চুরির ঘটনাটি খুবই দুঃখজনক ও স্পর্শকাতর। ভুক্তভোগী কিরিলকে নিয়ে নাটোর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম পরিদর্শন করা হয়েছে। তার চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব ব্যাগটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।