বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছিলেন মাহী নামে এক যাত্রী। পরে বিবেকের তাড়নায় সেই ভ্রমণের ভাড়া পরিশোধ করতে বগুড়া রেলওয়ে স্টেশনের কাউন্টারে ৩০ টাকা ও হাতে লেখা একটি চিরকুট রেখে গেছেন তিনি। গত বুধবার (৭ অক্টোবর) সান্তাহার যাওয়ার সময় টিকিট কাটতে না পারলেও ফেরার পথে টিকিট কেটেছিলেন বলে চিরকুটে উল্লেখ করেন ওই ব্যক্তি। শনিবার (১০ অক্টোবর) বিকেলে স্টেশনের কাউন্টারে চিরকুট ও টাকা রেখে যান ওই যাত্রী।
বগুড়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, কাগজে হাতে লেখা চিরকুটে মাহী লিখেছেন, আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে আমি সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।
চিরকুটে নিজের নাম ছাড়া আর কোনও পরিচয় উল্লেখ করেননি মাহী। ফলে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে বিনা টিকিটে ভ্রমণের পরও ভাড়া পরিশোধের এই উদ্যোগকে দায়িত্ববোধ ও সততার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য ১২ টাকা। তবে মাহী কতজনের ভাড়া বাবদ ৩০ টাকা রেখে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই টাকা সরকারি কোষাগারে জমা দিতে ৩০ টাকা মূল্যের টিকিট কেটে তা ছিঁড়ে ফেলা হবে।
স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, যাত্রীর এ ধরনের সচেতনতা প্রশংসনীয়। তবে তিনি নিজের নামের পাশাপাশি ঠিকানা বা বিস্তারিত পরিচয় উল্লেখ করলে তাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো যেতো।
তিনি আরও বলেন, রেলওয়ে জনগণের সম্পদ। এর সুরক্ষা ও দেখভালে সবার সচেতন হওয়া প্রয়োজন। ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিট কাটা প্রত্যেক যাত্রীর দায়িত্ব। মাহীর এ উদ্যোগ অন্য যাত্রীদের মধ্যেও সততা ও দায়িত্বশীলতার বোধ জাগাতে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।