বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে চক্ষু বিভাগের মাইনর অপারেশন থিয়েটারের (ওটি) বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বিকট শব্দে কক্ষের এসিটি বিস্ফোরিত হয়। এরপর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে হাসপাতালের কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। কক্ষে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় চক্ষু বিভাগের মাইনর অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। কর্মকর্তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। ফলে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, এসি বিস্ফোরণের পর চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে আগুন লাগে। এতে কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কেউ হতাহত হননি।