রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে সকাল থেকেই রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিভিন্ন স্থানে ভিড় করেছেন হাজারও মানুষ। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা। নারী, পুরুষ, শিশু ও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে সড়কের দুই পাশে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তারা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে শাহ্ মখদুম বিমানবন্দরসংলগ্ন এলাকা, বায়া, ভুগরোইল, পবা উপজেলা পরিষদের সামনে এবং নওদাপাড়া আমচত্বরসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মানুষের জমায়েত দেখা যায়। তারেক রহমানের যাত্রাপথে তাকে কাছ থেকে দেখার আশায় অনেকেই আগেভাগে এসে অবস্থান নেন। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

সফরসূচি অনুযায়ী, রাজশাহীতে পৌঁছে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা তার। তাকে ঘিরে জনসভাকে কেন্দ্র করে নগরী ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশেষ সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। সেখান থেকে রংপুরের ঐতিহাসিক ধর্মসভা ও কালিমন্দির পরিদর্শন শেষে তার রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে জনসভাস্থল পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। তাকে একনজর দেখতে সকাল থেকেই মানুষ সড়কের দুই পাশে অপেক্ষা করছেন। তার আগমন রাজশাহীর মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

রাজশাহী জেলা যুবদল নেতা ইফতেখারুল ইসলাম ডনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন তাদের জন্য আনন্দ ও আবেগের বিষয়। প্রিয় নেতাকে কাছ থেকে দেখার প্রত্যাশায় নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমানও জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও তাদের উৎসাহিত করছে।

প্রধানমন্ত্রীকে বরণ করতে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিভিন্ন স্থানে মানুষের এই জমায়েত সফরকে ঘিরে স্থানীয়দের আগ্রহের চিত্র তুলে ধরছে। পতাকা হাতে অপেক্ষমাণ মানুষ ও নেতাকর্মীদের প্রস্তুতিতে মহাসড়কজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।