সাইবার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) উপজেলা সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে তাকে ঢাকাপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার ওসি জাকিরুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। দিবসটি পালনে এর আগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী সমবেত হন। তারা বিভিন্ন এলাকায় নাশকতা, আন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে যানবাহন ভাঙচুর, মহাসড়কের ক্ষতি, সরকারি স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার প্রস্তুতি নেন।

পুলিশ একটি ব্যানারসহ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে গ্রেফতার করে। এ বিষয়ে ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় সোমবার রাতে ঢাকাপট্টি এলাকা থেকে যুবলীগ নেতা গোলজার হোসেনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।