পাবনা সদর উপজেলার জালালপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে এবং সেলিম মাহমুদ মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এতে আহত অন্য দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।