সিরাজগঞ্জের কামারখন্দে ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক এক কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পাবনা স্পেশাল জজ আদালতের স্পেশাল জজ (জেলা জজ) আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি গ্রামীণ ব্যাংক কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শাখার সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। তিনি একই জেলার উল্লাপাড়া উপজেলার গুয়াগাঁতী গ্রামের সৈয়দ আব্দুল খালেকের ছেলে। এ মামলার অপর দুই আসামি সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক নজরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।
দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মইনুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে ব্যাংকের ১০ লাখ ১১ হাজার ৮ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের পাবনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে তিন ব্যাংক কর্মকর্তাকে আসামি করে একটি মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত।