পাবনার আতাইকুলা থানার পুষ্পপাড়া গরুর হাটে ইজারাদার ও তার ভাগ্নেকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটের একটি আধাপাকা টিনশেড কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত ইজারাদারের নাম হাজী আব্দুস সালাম (৫৫) এবং তার ভাগ্নের নাম মো. রিপন হোসেন (৩৭)। তারা দুজনই পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা। আব্দুস সালামের বাবার নাম আরজ ব্যাপারী। রিপনের বাবা মৃত ওমেদ আলী।
খোঁজ নিয়ে জানা যায়, হাটের ইজারা নিয়ে পূর্ব বিরোধের জেরে তাদের গুলি করা হয়। সে সময় তারা হাটের অফিসকক্ষে অবস্থান করছিলেন। দুজনের বুকে গুলি লাগায় তারা গুরুতর আহত হন। পরে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, এ ঘটনায় পুলিশ কাজ করছে। কেন বা কী কারণে এ হত্যাকাণ্ড প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন খুব দ্রুত বিষয়টা জানা যাবে।