বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রাঘাতে একসঙ্গে মারা গেলেন ৬ জন

পাবনা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে বজ্রাঘাতে ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা বিলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে কয়েকজন ব্যক্তি সোনাপাতিলা বিলের পাশের নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। একই ঘটনায় আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

পাবনা সদর থানার ওসি সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একজন এসআইকে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।