সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)।
বুধবার (০৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাটিকুমরুলে এসআরবি-১২-এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে বিস্তারিত জানান।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং আটটি ওয়াকিটকি।
আতিকুর রহমান মিয়া জানান, তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এগুলো আত্মসমর্পণকারী চরমপন্থিদের হেফাজতে ছিল।
তিনি বলেন, গত ১ নভেম্বর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে তিন জেলার ৬৫ জন চরমপন্থি এসআরবির কাছে আত্মসমর্পণ করেন। পরে আত্মসমর্পণকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।