রাজশাহীর তানোর উপজেলায় সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনায় করা মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তানোর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। দুপুরে তাকে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করা হয়। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।
মামলার এজাহার থেকে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত ২৭ বছর বয়সী এক তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই তরুণী আদালতে মামলা করেন। পরে পলাশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘বিষয়টি জানার পর উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের জানানো হয়েছে। তারা বিস্তারিত জানালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’