ডোপ টেস্টে পজিটিভ হয়ে বরখাস্ত, এবার মাদকের আসর থেকে আটক পুলিশ সদস্য

মাদক সেবনের অভিযোগে ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন পুলিশ কনস্টেবল মেহেদী হাসান। তার বিরুদ্ধে চলছিল বিভাগীয় মামলাও। এর মধ্যেই রাজশাহী নগরের একটি বাড়িতে মাদক সেবনের আসর থেকে স্থানীয় লোকজনের হাতে আবারও আটক হয়েছেন তিনি। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নতুন করে তার ডোপ টেস্ট করা হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ওই বাড়িতে মাদক সেবনের সময় মেহেদীকে দেখতে পেয়ে আটকে রাখেন। খবর পেয়ে বোয়ালিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় বাড়িটি থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়।

মেহেদীর বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি রাজশাহী নগরের ভদ্রা এলাকায় বসবাস করেন। কয়েক মাস আগে রাজশাহীর চারঘাট থানায় কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। পরে ডোপ টেস্টে ফল পজিটিভ আসায় তাকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়, যার তদন্ত এখনও চলছে।

বোয়ালিয়া থানার ওসি মাছুমা মুস্তারী বলেন, মেহেদী যে ঘরে ছিলেন, সেখানে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। তবে কোনও মাদকদ্রব্য উদ্ধার হয়নি। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরাসরি মামলা করা সম্ভব হয়নি। তার ডোপ টেস্টের জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পজিটিভ হলে মাদক সেবনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর ফল নেগেটিভ এলে ঘটনার বিষয়ে প্রতিবেদন দিয়ে তাকে জেলা পুলিশে পাঠানো হবে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার এএসপি সাবিনা ইয়াসমিন বলেন, আগের ঘটনায় ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় মেহেদীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত চলছে। নতুন করে মাদক সেবনের আসর থেকে আটকের বিষয়টি জানার পর রবিবার (১৫ নভেম্বর) সকালে তাকে আবারও ডোপ টেস্টের জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। এবারও পরীক্ষার ফল পজিটিভ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।