নির্ধারিত কর্ম-অধিক্ষেত্র বহাল রাখাসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কলম বিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী এই কর্মসূচির কারণে সারাদেশে বিয়ে রেজিস্ট্রি বন্ধ ছিল। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লাইসেন্সে নির্ধারিত এলাকা বহাল রাখা, কাজীর সনদ প্রদান এবং বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদের রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার প্রায় শতাধিক নিকাহ রেজিস্ট্রার অংশ নেন। পরে দুপুরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নিকাহ রেজিস্ট্রার ও কাজীরা ইসলামী মূল্যবোধ এবং প্রচলিত আইন অনুযায়ী মুসলমানদের বিবাহ ও তালাক সম্পাদন ও নিবন্ধনের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এই পেশার সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ও সমস্যার সমাধান হয়নি। ফলে পেশাগত দায়িত্ব পালনে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে তাদের।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখিত নির্ধারিত এলাকা বহাল রাখা এবং জনস্বার্থে কেবল শূন্য এলাকায় নতুন লাইসেন্স দেওয়া। ১৮৮০ সালের ‘দি কাজীস অ্যাক্ট’-এর অধীনে আগের মতো কাজীর সনদ প্রদান এবং ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা সংশোধন করে লাইসেন্স ও ফি-সংক্রান্ত অসংগতি দূর করা। এ ছাড়া বিবাহ ও তালাক নিবন্ধন ফি যুগোপযোগীভাবে পুনর্নির্ধারণ, নিকাহনামা ও তালাকনামা সংশোধনের ফি এক হাজার টাকা নির্ধারণ এবং বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বর-কনের বয়সসংক্রান্ত বিধান যুগোপযোগী করার দাবি জানিয়েছেন তারা।
কর্মসূচিতে সংগঠনের নেতাদের মধ্যে কাজী খায়বর হোসেন, কাজী জহুরুল আলম, কাজী হাবিবুর রহমান ও কাজী বাছারসহ জেলার প্রায় শতাধিক নিকাহ রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক ও পেশাগত সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সমাধান এবং পেশার মর্যাদা ও সেবার মান নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা বহাল রাখার দাবি জানিয়ে তারা বলেন, নিকাহ্ রেজিস্ট্রারদের সঙ্গে আলোচনা ছাড়া নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।
একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকালে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন নিকাহ রেজিস্ট্রাররা। সেখানে আইন মন্ত্রণালয়ের এলাকা বিভাজনের নতুন উদ্যোগকে ‘অযৌক্তিক ও হঠকারী’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানান তারা। বক্তারা জানান, বর্তমান এলাকাতেই বিয়ের সংখ্যা কমে যাওয়ায় কাজীরা দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে নতুন লোক নিয়োগের সিদ্ধান্ত কোনোভাবেই বাস্তবসম্মত নয় বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ ছাড়া রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা সোয়া ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সুযোগ-সুবিধা না বাড়িয়ে উল্টো কাজের এলাকা কমানোর উদ্যোগ নিয়েছে। ঐতিহ্যগতভাবে প্রতিটি ইউনিয়নে একজন এবং পৌরসভার প্রতি দুটি ওয়ার্ডে একজন করে কাজী দায়িত্ব পালন করতেন। কিন্তু সরকার এখন প্রতি ইউনিয়নে তিনজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন তারা। পূর্বের এলাকাভিত্তিক নিয়ম বহাল না রাখা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।
একই দাবিতে পঞ্চগড়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরেও অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করা হয়। সেখানে কাজীরা বহিরাগতদের অবৈধ হস্তক্ষেপ বন্ধ ও ডিজিটাল সীমানা নির্ধারণের সুনির্দিষ্ট দাবি জানান। একই সঙ্গে ভুয়া কাজী ও বাল্যবিয়ে রোধে প্রশাসনের কঠোর আইনি সুরক্ষা কামনা করেছেন তারা। সারাদেশে কাজিদের এই টানা কর্মসূচিতে দিনভর সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।