টানা কয়েক দিনের উত্তেজনার পর সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে কর্মচঞ্চল পরিবেশ ফিরে এসেছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রমও।
সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন। কারখানার ভেতরে মেশিন সচল রয়েছে এবং স্বাভাবিক গতিতে চলছে উৎপাদন।
তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিল্প এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আশুলিয়ার কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে প্রায় ৩০টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। বাকি কারখানাগুলোতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সোমবার সকালে শিল্প পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, শিল্প পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পরিস্থিতি খুব ভালো। স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। বিভিন্ন কারণে মালিকপক্ষ প্রায় ৩০টি কারখানা বন্ধ রেখেছে। সকাল থেকে সব জায়গায় কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শুধু দুটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।
তিনি আরও বলেন, শিল্পাঞ্চলে প্রায় ৮০০টি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে প্রায় ৩০টি বন্ধ রয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ রয়েছে। চারটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং নয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও কর্মবিরতি পালন করছেন। মালিকসহ সবার প্রত্যাশা, পোশাক খাতে স্থিতিশীলতা বজায় থাকবে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেসব কারখানা বন্ধ ছিল, সেগুলোরও কিছু খুলেছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। যেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েও কাজ শুরু করেননি, সেগুলোর মধ্যে অল্প কয়েকটিতে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘নো ওয়ার্ক, নো পে’ পদ্ধতিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।