রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে গভীর রাতে পেট্রোল বোমা হামলা

রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংক ভবনের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দুটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ্ মখদুম থানার আওতাধীন বনলতা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। গভীর রাতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

শাহ্ মখদুম থানার ওসি আকবর আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কাচের বোতলে দাহ্য পদার্থ ভরে ব্যাংক ভবন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। ভবনের নিচতলার রাস্তার পাশে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের দাফতরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র বা সম্পদের কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংক ভবন লক্ষ্য করে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।