বগুড়া মহানগরীর মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সদর উপজেলা পরিষদের সামনে আসে। এ সময় তাদের একজন সদর উপজেলা পরিষদ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। এরপরই মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ককটেল ছোড়ার পরপরই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, ঘটনার পরপরই সেখানে সদর থানার ওসিসহ পুলিশের একটি দল উপস্থিত হন। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা ওই ককটেল ছুড়েছে তা এখনও শনাক্ত করা যায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ‘সদর উপজেলা পরিষদের ভেতরে কোনও ককটেল বিস্ফোরণ ঘটেনি। তবে রাস্তা থেকে উপজেলা পরিষদের সামনে ককটেল ছুড়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রাতে দুজন আনসার সদস্য দায়িত্বে ছিলেন। তারা কাউকে চিনতে পারেননি। তবে ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।’
অপরদিকে, বগুড়ার শেরপুরে সরকারি বিভিন্ন দফতর ও কর্মকর্তাদের বাসভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, চক্ষু হাসপাতালের সাইনবোর্ড এবং মহাসড়কের বিভাজকসহ বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। তবে কারা এসব স্লোগান লিখেছে, তা এখনও জানে না বলে দাবি করেছে পুলিশ।
এ প্রসঙ্গে শেরপুর থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, ‘বিভিন্ন স্থানে জয় বাংলা স্লোগান লেখার বিষয়টি জেনেছি। তবে কারা লিখেছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি জানতে তদন্ত চলছে আমাদের।’