আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও দলটির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয়ে এবং সন্ধ্যায় কামারখন্দ-সদর (সিরাজগঞ্জ-২) আসনের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকালে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার আগে হাতুড়ি দিয়ে কার্যালয়টির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। এ সময় ঘটনাস্থলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে দেখা গেছে বলেও দাবি করেন তারা। পরে সন্ধ্যায় সাবেক এমপির বাড়িতে আগুন দেওয়া হয়। এ দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আগুন দেওয়ার ঘটনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।