এনসিপি নেতা মাহিনের বাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শেরনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নেভান। ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে ছিলেন তার অসুস্থ বাবা ও মা।

ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহিন সরকার লেখেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে যাচ্ছিল, আমার বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আজকে রাতে সাড়ে নয়টায় আমার বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল আমার মুমূর্ষু বাবা এবং মা অসহায় অবস্থায় থাকেন। আমি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেট্রলবোমাটি বাড়ির দিকে নিক্ষেপ করা হলেও প্রবেশপথে বিস্ফোরিত হয়। এতে বাড়িঘর বা কোনও ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাহিন সরকার জানান, ঘটনার পর বেলকুচি থানার ওসির সঙ্গে তার কথা হয়েছে।

বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে আলামত হিসেবে পেট্রোল বহন করা ছোট একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থলে কাচের টুকরা বা পেট্রোল বোমার অন্য কোনও আলামত পাওয়া যায়নি।