মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কার্যালয়ের বারান্দায় রাখা গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে স্থানীয় ইউপি সদস্য মোরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত সিন্দুরখান শাখার প্রধান ফটকের সামনের বারান্দায় কয়েকটি গাড়ির টায়ার জড়ো করে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অন্ধকারে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।
গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার ব্যবস্থাপক অজিত চক্রবর্তী বলেন, দুর্বৃত্তরা প্রধান ফটকের সামনের বারান্দায় টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেছিল। তবে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে একটি বিশেষ গোষ্ঠী।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার। তিনি বলেন, যারা এসব দুর্বৃত্তকে পৃষ্ঠপোষকতা করছে, এই আগুনের তাপ কিন্তু তাদের ঘরেও পৌঁছাতে পারে।
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি।