ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার পর মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নে সেই বাড়িতে আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।

এদিকে, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর এ হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা ইমতিয়াজ হোসেন মিলন চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়। এরই জের ধরে রাতে সাঁড়া গোপালপুরে অবস্থিত পলাতক যুবলীগ নেতা মিলন চৌধুরীর বাড়িতে আগুন দেওয়া হয়। জানা গেছে, তিনি আগে থেকেই আত্মগোপনে রয়েছেন।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ জানান, ঘটনার সংবাদ পেয়ে পাবনা সদরের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল তথা মিলন চৌধুরীর বাড়ি পরিদর্শন করেছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।