ফেনীর সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা দুলাল হোসেন ওরফে বাটা দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুলাল হোসেন সোনাগাজী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং চরচান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তিনি মধ্যম চরচান্দিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি দুলাল হোসেন।
সোনাগাজী থানার ওসি আবুল হাসিম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় দুলাল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।