কিশোরী নিয়ে আপত্তিকর পোস্ট কলেজশিক্ষকের, চাইলেন ক্ষমা: অধ্যক্ষ বললেন ‘শোকজ করবো’

বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার প্রসঙ্গ টেনে ফেসবুকে ‘কিশোরী’ শব্দ ব্যবহার করে আপত্তিকর পোস্ট দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া। তার ওই পোস্ট ঘিরে শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। 

কেউ কেউ ঘটনার তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সমালোচনার মুখে পোস্টটি সরিয়ে ক্ষমা চেয়েছেন ওই শিক্ষক। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জুয়েল কিবরিয়া লেখেন, ‘এই রকম উসকানিমূলক আবহাওয়ায় ভুনা কিশোরী, থুক্কু খিচুড়ি খেতে ইচ্ছা করছে।’ কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা শুরু হয়।

রাজশাহী কলেজের শিক্ষার্থী আহাম্মদ যুবায়ের ফেসবুকে পোস্টটির প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আরেক শিক্ষার্থী তানভীরুজ্জামান তানভীরও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, একজন শিক্ষকের প্রকাশ্যে এমন মন্তব্য তার দায়িত্বশীলতা ও ব্যক্তিগত আচরণ নিয়ে প্রশ্ন তৈরি করে। কলেজের মর্যাদা রক্ষায় প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

রাজশাহী কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নূর মো. ইমন শেখও এ ঘটনার প্রতিবাদ জানান। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের কাছ থেকে শালীনতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষার্থীরা নিজেরাই ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমালোচনার মুখে আরেক ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেন শিক্ষক জুয়েল কিবরিয়া। তিনি লেখেন, কয়েক দিন আগে বৃষ্টিস্নাত দিনে আবেগের বশে কিংবা মজা করতে গিয়ে খিচুড়ির সঙ্গে মিলিয়ে ‘কিশোরী’ শব্দটি ব্যবহার করেছিলাম। এতে অনেকের অনুভূতিতে আঘাত লাগায় আন্তরিকভাবে ক্ষমা চাইছি। 

তিনি আরও লেখেন, নিজের পেশা ও মর্যাদার সঙ্গে এ ধরনের রসিকতা শোভনীয় নয়, তা বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে দিয়েছি। ভবিষ্যতে এ ধরনের নেতিবাচক পোস্ট আর দেবো না।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, ‘পোস্টটি আমি দেখেছি। যেই শিক্ষক এই পোস্টটি করেছেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’