যশোরের ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধর করেছেন এক অভিভাবক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। এই সংক্রান্ত একটি সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরালের পর তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়। পরে বিদ্যালয়টির ১১ শিক্ষক থানায় অভিযোগ দিলে অভিযুক্ত অভিভাবককে আটক করেছে পুলিশ। আটক ইউনুস আলী শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিও নিজের চেয়ারে বসেছিলেন। হঠাৎ কক্ষে প্রবেশ করেন ইউনুস আলী। কোনও কিছু বুঝে ওঠার আগেই ইউনুস আলী প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর গালে চড় বসিয়ে দেন। পরে অন্য শিক্ষকরা রুমে প্রবেশ করে তাকে নিবৃত্ত করেন। একপর্যায়ে রুমে আসেন ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের এক ব্যক্তি। এসময় তাদেরকেও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়। তবে প্রধান শিক্ষক অভিভাবকের কাছে মারধরের শিকার হলেও ভিডিওতে অন্য শিক্ষকদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এদিকে এই ঘটনায় বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামানসহ সহকারী ১১ শিক্ষক থানায় অভিযোগ দিলে এদিন বিকালে থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অভিভাবককে আটক করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনি পরীক্ষায় আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ওই শিক্ষার্থী পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না জানতে পেরে প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর কক্ষে প্রবেশ করেন আরফিন আহমেদের বাবা ইউনুস আলী। কোনও কথা না বলেই তিনি প্রধান শিক্ষককে থাপ্পড় দেওয়া শুরু করেন।
ঝিকরগাছা থানার তদন্ত ইদ্রিস আলী বলেন, ‘প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীর বিরুদ্ধে ভুক্তভোগী প্রধান শিক্ষক থানায় অভিযোগ দিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে।’