‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দুজন গ্রেফতার, পরিবার বলছে তারা জুলাই আন্দোলনকারী

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের পরিবারের দাবি, গ্রেফতার দুই জনই ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন আন্দোলনের কর্মসূচিতেও তাদের অংশগ্রহণের ছবি রয়েছে। তবে সম্প্রতি বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুই জন হলেন- শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়। তিনি গোদাগাড়ীতে তার নানার বাড়িতে থাকেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে পাওয়া একটি ছবিতে দেখা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ‘দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা একটি ফেস্টুনের সামনে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শাহামাত ও সাইফ। তাদের পরিবারের দাবি, ওই দিন তারা সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

পুলিশের ভাষ্য, শুক্রবার বিকালে দুটি মোটরসাইকেলে করে চার যুবক গোদাগাড়ী সদরের দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই জন পালিয়ে যান। অন্য মোটরসাইকেলে থাকা দুই যুবক থানার সামনের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। সেখান থেকে তাদের আটক করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দলটির চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান বলেন, শাহামাত ও সাইফ জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। গোদাগাড়ীর আরেকজন জুলাই যোদ্ধা তাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। তবে গ্রেফতারের ঘটনার বিস্তারিত তিনি জানেন না। এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।

শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, তার ছেলে ও সাইফ দুই জনই জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলনের সময় তারা গোদাগাড়ীতে সামনের সারিতে ছিলেন।

সাদিকুল ইসলামের অভিযোগ, থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় কাউকে না কাউকে গ্রেফতার দেখানোর প্রয়োজন থেকে তার ছেলেসহ দুই জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, থানায় গেলে ওসি প্রথমে তাকে জানান, ওই দুই যুবক থানার সামনের চায়ের দোকানে বসে মদ পান করছিলেন। তার প্রশ্ন, মদ পানের অভিযোগ থাকলে সে অভিযোগে মামলা না দিয়ে বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় তাদের গ্রেফতার দেখানো হলো কেন?

ছেলের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে সাদিকুল ইসলাম বলেন, তার ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। পড়াশোনার ব্যস্ততার কারণে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াননি। তাদের পরিবারও রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত। তার ছেলের ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি সুজন মিঞা বলেন, গ্রেফতার দুই জন জুলাই আন্দোলনে ছিলেন কি না, তা তার জানা নেই। দুটি মোটরসাইকেলে চার যুবক স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন। তাদের মধ্যে দুই জন পালিয়ে গেলেও অন্য দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কোনও ভুল হয়নি।