পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সংঘর্ষে আহত ৩০

রংপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১৭:৩০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৭:৩০

রংপুর পূজা উদযাপন পরিষদের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্রসহ চেয়ার ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এর মধ্যে তিন জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সম্মেলন পণ্ড হয়ে গেছে। 

ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে। ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি অব্যাহত ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন রংপুর স্টেডিয়ামে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু। প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, সাংগঠনিক সম্পাদক সাগর হালদারসহ ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করছিলেন রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজ জীবন কুন্ডু।

সম্মেলনে ঢাকা থেকে আসা অতিথিবৃন্দ তাদের নিজ নিজ আসন গ্রহণ করার পরই একদল নেতাকর্মী অতর্কিতভাবে সম্মেলনস্থলে ঢুকে পড়ে ব্যানার ছিঁড়ে ফেলে। তারা চেয়ার টেবিল ভাঙচুর শুরু করে। এ সময় সম্মেলনে থাকা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত কুমারের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। 
এরপর তারা গণহারে পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর নেতাদের ওপর হামলা চালিয়ে মারধর করে এতে কমপক্ষে ৩০ জন আহত হন। এ সময় সম্মেলনস্থলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষ আর তাণ্ডব চলাকালে ‘লীগ ধর’ বলে একটি গ্রুপকে স্লোগান দিতে দেখা যায়। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতা সাবেক অবসরপ্রাপ্ত সাব রেজিস্টার  রাম জীবন কুন্ডুর পাঞ্জাবি ছিঁড়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এভাবে তাণ্ডব চলা অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে সম্মেলন পণ্ড হয়ে যায়। ঢাকা থেকে আসা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সম্মেলনস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে রংপুরের সভাপতি রাম জীবন কুন্ডুসহ কয়েকজন নেতা সরাসরি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান।

নেতৃবৃন্দ পুলিশ কমিশনার মাহবুব রশীদকে তারা জানান, ঘটনার সময় পুলিশ সেখানে অবস্থান করলেও নীরবে দাঁড়িয়ে ছিল। কোনও পদক্ষেপ নেয়নি। তিনি সম্মেলনে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার দাবি করেন।

সন্তোষ শর্মা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিএনপি নেতা ডা. নিখিল, যুবদল  নেতা নয়ন, লেলিন, মিলন ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতাদের নেতৃত্বে পরিকল্পিতভাবে সম্মেলনে হামলা চালিয়ে তাণ্ডব চালানো হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দেখি উনি কী পদক্ষেপ নেন। আমরা আইনিসহ সব ধরনের ব্যবস্থা নেবো।

তিনি বলেন, যুবদল ও সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। পূজা উদযাপন পরিষদের সম্মেলন ভণ্ডুল করতে যুবদলের ওই নেতারা সরাসরি অংশ নিয়েছেন ও ভাঙচুর করেছেন। আমাদের নেতাকর্মীদের মারধর করেছেন। এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু তাদের নিবৃত করতে চেষ্টা করেছেন, কিন্তু তারা তার কথায় কর্ণপাত করেননি।

এ বিষয়ে যুবদলের মহানগর আহ্বায়ক মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন ও সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন অভিযোগ করেন, পূজা উদযাপন পরিষদের সম্মেলনে আওয়ামী ফ্যাসিস্টদের কয়েকজনকে আবারও কমিটিতে নিয়ে আসার জন্য বিএনপির এক নেতা চেষ্টা করছেন। বিষয়টি জানতে পেরে সাধারণ নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানাতে চেষ্টা করেছে। আমরা কোনও হামলা বা ভাঙচুরের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলাম না। যারা অভিযোগ করছে, আমাদের সম্পর্কে এটা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

এদিকে রংপুর মহানগর যুবদলের আরেক নেতা শ্রী বিপ্লব অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাম জীবন কুন্ডু, প্রশান্ত কুমার রায়, পিপাশ রায়সহ অন্যদের পুনর্বাসন করার জন্য এই সম্মেলন করা হচ্ছে। সে কারণে পূজা উদযাপন পরিষদের বিক্ষুব্ধ নেতা কর্মীরা বাঁধ দিয়ে প্রতিবাদ করেছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব রশীদ বলেছেন, কমিটি গঠন করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। পরিস্থিতি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে।

তিনি আরও বলেন, এ বিষয়ে লিখিত কোনও অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পরও উত্তেজনা বিরাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী
চাঁদাবাজির টাকা পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে ভাগাভাগি হয়: জানালেন আরেক নেতা
সর্বশেষ খবর
পটিয়ায় গ্রামীণ ব্যাংকের এক শাখায় ককটেল নিক্ষেপ
পটিয়ায় গ্রামীণ ব্যাংকের এক শাখায় ককটেল নিক্ষেপ
শ্রমিক আন্দোলন ঘিরে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার তথ্য সঠিক নয়: রিজভী
শ্রমিক আন্দোলন ঘিরে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার তথ্য সঠিক নয়: রিজভী
আমার বোনকে ফাঁসানো হয়েছে, রাষ্ট্র জামিন দিলো না: কোন মামলায় জেলে শারমিন?
আমার বোনকে ফাঁসানো হয়েছে, রাষ্ট্র জামিন দিলো না: কোন মামলায় জেলে শারমিন?
ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে জুয়েলারি থেকে ‘১৮০০ ভরি স্বর্ণ’ লুট
ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে জুয়েলারি থেকে ‘১৮০০ ভরি স্বর্ণ’ লুট
সর্বাধিক পঠিত
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ