রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রবেশপথেও বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার ইঙ্গিত মিলেছে সংগঠনটির নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। এদিকে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।
শনিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে নগরীর অক্ট্রয় মোড় থেকে প্রায় ২০০ গজ ভেতরে প্রক্টরের বাসভবনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। একই রাতে চারুকলা অনুষদের গেটেও ককটেল বিস্ফোরণের ভিডিও পাওয়া গেছে।
প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, রাতে তার বাসভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় তিনি বাসায় না থাকলেও পরিবারের সদস্যরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। তারা ভিডিও ধারণের বিষয়টিও জানতে পেরেছেন।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কাজ করেছে। তবে এ ধরনের ঘটনা ঠেকাতে শুধু একটি থানার উদ্যোগ যথেষ্ট নয়। রাতে মোটরসাইকেল চলাচল এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে সমন্বিত পুলিশি তৎপরতা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক তৈরির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা উচিত।
এদিকে রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।
পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রক্টর, আমাদের আপাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করার দুঃসাহস আপনি কোথায় পান? আপনার কথাবার্তা ও আচরণ শুনে অন্তত একজন শিক্ষকের পরিণত ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় না; বরং মনে হয়, কোনও ওয়ার্ড পর্যায়ের পাতি নেতা বক্তব্য দিচ্ছেন। নেত্রীকে নিয়ে আর কোনও কুরুচিপূর্ণ মন্তব্য করার আগে নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে সচেতন হোন, তা না হলে এবার আপনার মাথার ওপর পড়বে।’
পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন, মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনাদের বিদায়ের ঘণ্টা ইতিমধ্যেই বেজে গেছে। এবার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এ বিষয়ে মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ঘটনার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।