জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ নভেম্বর) ভোরে জামালপুর সদর উপজেলার জোকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলে। পরে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। দ্রুত মেরামত সম্পন্ন হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন উপলক্ষে এ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেই রেললাইনটি কাটার চেষ্টা করা হয়েছিল।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।