‘যেসব সাংবাদিক-বুদ্ধিজীবী আ.লীগের পক্ষ নেবে তাদের দেশ থেকে উচ্ছেদ করা হবে’

কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চায়নিজ কুড়ালকে ‘লগি-বৈঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। 

তিনি বলেছেন, ‘এসব গণমাধ্যমকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে।’

রবিবার (২৯ নভেম্বর) বিকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এনসিপির এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘স্বৈরাচারের পক্ষে তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি পরিচয়ে যারা সম্মতি উৎপাদন করবেন এবং ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করা হবে।’

তিনি অভিযোগ করেন, ‘কয়েকটি গণমাধ্যমের ভূমিকা আওয়ামী লীগকে আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে তোলার প্রচেষ্টার অংশ। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে রাখা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য-প্রমাণও সংরক্ষণ করা হচ্ছে।’

রবিবার বিকালে রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর এনসিপি।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী। সঞ্চালনা করেন মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমান। এতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে নগরীর আলুপট্টি মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশস্থলে যোগ দেন তারা।