নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম

রাজশাহী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১৯:৪৮ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৯:৪৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে বিএনপি নির্বাচনে জয়ী হওয়ার আট মাস পর তাদের গোপন সমঝোতা ভেঙে গেছে। তাদের গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে না পারায় জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে বিএনপি।’

রবিবার (২৯ নভেম্বর) বিকালে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করে জেলা এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। এর ফলে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা কমেছে।’

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ পাবে না। দেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নির্মূল ও দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’

গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন করে কোনও চুক্তি হবে কি না, তা এখনও অনিশ্চিত। ভারত এই অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রে এ দেশের পতিত আওয়ামী লীগ শক্তিও যুক্ত হচ্ছে। তাই আমাদের এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত করার এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই।’

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম কয়েকটি গণমাধ্যম ও কয়েকজন বুদ্ধিজীবীর সমালোচনা করেন। তিনি বলেন, ‘কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চায়নিজ কুড়ালকে ‘লগি-বৈঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। এসব গণমাধ্যমকে চিহ্নিত করে তাদের কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে।’

সারজিস আলম আরও বলেন, ‘স্বৈরাচারের পক্ষে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি পরিচয়ে যারা সম্মতি উৎপাদন করবেন এবং ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করা হবে।’

এর আগে সমাবেশ শুরুর আগে নগরীর আলুপট্টি মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর সদস্যসচিব আতিকুর রহমান। সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
পলাতক আ. লীগকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম খান
বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‌‘নিরাপত্তার সংকট’
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
সর্বশেষ খবর
দেশে এইডসে বেশি আক্রান্ত হচ্ছেন কারা 
তিন হাজার রোগী শনাক্ত হয়নি দেশে এইডসে বেশি আক্রান্ত হচ্ছেন কারা 
গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে চিঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা বাংলাদেশের
গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে চিঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা বাংলাদেশের
জাপানের সাকুরাকে টেক্কা দিচ্ছে ভারতের এই পাহাড়ি শহর!
জাপানের সাকুরাকে টেক্কা দিচ্ছে ভারতের এই পাহাড়ি শহর!
‘পাঁচ লাখ টাকার চা মানে মাসে প্রায় ২৫ হাজার কাপ, এত চা কারা পান করেন’
‘পাঁচ লাখ টাকার চা মানে মাসে প্রায় ২৫ হাজার কাপ, এত চা কারা পান করেন’
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা