নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান কর্তৃক শিক্ষক নির্যাতন ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকরা।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন হাবিপ্রবি শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা শিক্ষক নির্যাতন ও লাঞ্ছনাকারী অভিযুক্ত সংসদ সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বলেন, ভুল হলেও একজন সংসদ সদস্য আইন নিজের হাতে তুলে নিয়ে একজন শিক্ষককে প্রকাশ্য লাঞ্ছিত করতে পারেন না। এতে শুধু শ্যামল কান্তিসহ নয় সকল শিক্ষককে অপমান করা হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফেডারেশনের আহ্বায়ক প্রফেসর মিজানুর রহমান, সদস্য সচিব প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম, হাবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বলরাম রায়, প্রফেসর আনিস খান প্রমুখ।
/এনএস/এআর/