রবিবার রাতে হঠাৎ করে উজান থেকে নেমে আসা পানিতে করতোয়া নদী প্লাবিত হয়। এতে পৌর এলাকার রামেরডাঙ্গা, তুলারডাঙ্গা, খালপাড়া, নিমনগর, নতুনবস্তি, রাজনগরসহ ১০টি বস্তি প্লাবিত হয়। এর ফলে রাত থেকে এসব বস্তির মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়লেও পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের জন্য কোনও সহায়তার ব্যবস্থা করা হয়নি বলে জানা যায়।
শহরের রামেরডাঙ্গা এলাকার গোলাম মোস্তফা ও খালপাড়া এলাকার আরেফা বেগম লিপি জানান, রাত থেকে করতোয়া নদীর পানি বেড়ে গেছে। ঘরবাড়ি পানিতে ভরে গেছে। অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পৌরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন সহায়তা পাইনি।
পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম কয়েক হাজার মানুষ পানিবন্দি হওয়ার কথা স্বীকার করে জানান, সকালে জেলা প্রশাসনের কর্মকর্তারা পানিবন্দি এলাকা পরিদর্শন করেছেন। তালিকা তৈরি করা হচ্ছে। যারা বিভিন্ন স্কুল কলেজে আশ্রয় নিয়েছেন তাদের শুকনো খাবার সরবরাহ করা হবে।
/এইচকে/আপ-এনএস/
আরও পড়ুন: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুর্ভোগে আড়াই লক্ষাধিক মানুষ