মুক্তিযোদ্ধা আনছার আলীকে বাড়ি উপহার প্রধানমন্ত্রীর

Pic-Muktijoddhaমহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য হিলিতে বীর মুক্তিযোদ্ধা আনছার আলীকে ‘বীর নিবাস’ নামে একটি বাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টায় এই বাড়ির চাবি হস্তান্তর করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। পরে সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আনছার আলীর বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনী গ্রামে। উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রকৌশল অফিসের উদ্যোগে মোট ৮ লাখ টাকা ব্যয়ে ৫ শতক জমির ওপর তিন রুমের এ বাড়িটি নির্মাণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন প্রকল্পের অধীনে ২০১৫-১৬ অর্থবছরে হাকিমপুর উপজেলা থেকে যে দুজন মুক্তিযোদ্ধা বাড়ি পেয়েছেন আনসার আলী তাদের একজন। আনসার আলী একজন গৃহহীন মুক্তিযোদ্ধা। হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি লিয়াকত আলী এই তথ্য নিশ্চিত করেন।
মুক্তিযোদ্ধা আনসার আলীকে বাড়িটি উপহার দেওয়ার সময় সেখানে আরও  উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, থানার ওসি আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক, সম্পাদক আব্দুর রহমান, পৌরসভার মেয়র জামিল হোসেন, পৌর আওয়ামী লীগের সম্পাদক হারুন উর রশীদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা।




আরও পড়ুন: বাংলাদেশি ব্যবসায়ীদের ৫ বছরের ভিসা দেওয়া হবে: ভারতীয় হাইকমিশনার 

/এআর/এফএস/