দেশে এখন মাইক্রোস্কোপ দিয়ে জঙ্গি খুঁজতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘দেশে এখন দুই-চারজন জঙ্গিও নেই। যারা আছে তাদের মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বের করতে হবে। জনগন জঙ্গিদের কর্মকাণ্ড ঘৃণা ভরে প্রত্যাখান করেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর সেনানিবাস সংলগ্ন একটি অডিটরিয়ামে জেএমবি তিন সক্রিয় সদস্যের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে তিনি এসময় বলেন, আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের পুনর্বাসিত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ভুল পথে অলরেডি চলে গেছেন তাদের আত্মসমর্পন করার আহ্বান জানাচ্ছি। আর যারা জঙ্গি বানানোর কাজে প্রলুব্ধ করে ভুল পথে পরিচালিত করছেন, জঙ্গিদের অর্থ যোগান দিচ্ছেন তাদের পরিণাম হবে ভয়াবহ। এদের কোনও নিস্তার নেই। সবাইকে খুঁজে বের করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে যারা অকার্যকর রাষ্ট্র বানানোর চক্রান্ত করেছিল তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

একই অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ‘দেশে একজন জঙ্গি থাকা অবস্থায়ও আমাদের অভিযান চলবে।’

এর আগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার তিন মাদাসা ছাত্র ও জেএমবি সক্রিয় সদস্য মাসুদ রানা, আখতারুজ্জামান ও হাফিজুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে চেক দেওয়া হয়।

আত্মসমর্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, টিপু মুন্সি এমপি। অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আলেম সমাজ, ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 


‘কেমন করে মানুষ এতটা পশু হয়!’

/এফএস/