কুড়িগ্রামে তৈরি হচ্ছে প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত হাসপাতাল

প্র‌তিবন্ধী‌দের জন্য বি‌শেষা‌য়িত হাসপাতাল নির্মা‌ণে নির্বা‌চিত স্থানআরাবির বয়স ১৬। জন্মের পর থেকে একদিনের জন্যও দুই পা সোজা করে দাঁড়াতে পারেনি সে। চেয়ার আর বিছানাতেই তার জীবন সীমাবদ্ধ। তিনবেলা মায়ের হাতেই খাবার খেতে হয় তাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ওজন, দৈহিক আকার কিন্তু চলাফেরার শক্তি কিংবা বুদ্ধি বাড়েনি। শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী আরাবির নেই কোনও বন্ধু কিংবা খেলার সাথী। বাবা-মা এবং ছোট একটি বোন তার প্রতিদিনের সঙ্গী।

আরাবির মত এমন হাজারো প্রতিবন্ধী শিশু রয়েছে কুড়িগ্রাম জেলায়। যারা অনেকে পরিবারের জন্য বোঝা হয়ে গেছে, অনাদর আর অবহেলায় দিনাতিপাত করছে। সমাজ সংসারের অবিচ্ছেদ্য কিন্তু অবহেলিত এই সদস্যদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবার পাশাপাশি বিনোদনের সুবিধা সম্বলিত একটি বিশেষায়িত হাসপাতাল কাম পুনর্বাসন কেন্দ্র তৈরি হচ্ছে কুড়িগ্রামে। কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত হাসপাতাল কাম পুনর্বাসন কেন্দ্র তৈরির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত একটি চাহিদাপত্র আমরা হাতে পেয়েছি এবং ভূমি বরাদ্দের জন্য জেলা প্রশাসনের সংশ্লিষ্ট শাখায় তা পাঠানো হয়েছে।’

বিশেষায়িত এ হাসপাতাল কাম পুনর্বাসন কেন্দ্রে প্রতিবন্ধীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবার পাশাপাশি তাদের থাকা-খাওয়া ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে বলেও জানান সিভিল সার্জন। স্থান নির্বাচন সংক্রান্ত প্রাথমিক কাজ শেষে খুব শীঘ্রই হাসপাতালটি নির্মাণের কাজ শুরু হতে পারে বলে তিনি জানান।

এদিকে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (রাজস্ব) মো. রাফিউল আলম  জানান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে প্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদাপত্র অনুযায়ী প্রতিবন্ধীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি বিশেষায়িত হাসপাতাল কাম পুনর্বাসন কেন্দ্র  নির্মাণের জন্য জেলা সদর হাসপাতালের দক্ষিণ-পশ্চিম প্রান্তে ও জেলা শিশু পরিবার ভবনের পূর্ব দিকে (প্রতিবন্ধী স্কুল সংলগ্ন স্থানে) স্থান নির্বাচন ও ৯.৩২ একর ভূমি বরাদ্দের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জেলা সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।

জেলা সমাজ সেবা কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে মোট ৩০ হাজার ৮৪৪ জন প্রতিবন্ধী রয়েছে যার মধ্যে মাত্র ১০ হাজার ৭৫৮ জন সরকারের বিভিন্ন সুবিধা (প্রতিবন্ধী ভাতা) পায়।

প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত হাসপাতাল কাম পুনর্বাসন কেন্দ্র তৈরি হলে জেলার অসহায় এই জনগোষ্ঠী মানবিক সুবিধা ও পুনর্বাসনের সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/বিটি/