নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলায় ১১৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের আদালতে হাজির হয়ে আসামিরা জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৪জুন উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ইউনিয়নের চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম নিয়ে ফেরার পথে এক নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য ফজলুল হক লোকজন নিয়ে নির্বাচনের কাজে দায়িত্বরতদের ওপর হামলা চালিয়ে ব্যালটসহ অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খলিলুর রহমান ও পুলিশের উপপরিদর্শক আসাদুজ্জামান আহত হন।
এ ঘটনায় রাতে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদি হয়ে সৈয়দপুর থানায় আটজনের নাম উল্লেখপূর্বক এক থেকে দেড়হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার এসআই কার্তিক চন্দ্র মোহন্ত তদন্ত করে একই বছরের (২০১৬) ১৫ ডিসেম্বর ১১৩ জনের নামে চার্জসিট দাখিল করেন। মামলার ধার্যদিন রবিবার আসাসিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
/এমও/