সৈয়দপুরে অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়ম!

নীলফামারীনীলফামারীর সৈয়দপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। ‘দরিদ্র’ নয় এমন ব্যক্তির নামও তালিকায় রয়েছে। সচ্ছল ব্যক্তিরা তালিকাভুক্ত হিসেবে টাকা তুলে নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তালিকা তৈরিতে অনিয়ম করায় এক ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত অর্থবছরের তালিকাভুক্ত অতি দরিদ্ররাই চলতি অর্থবছরেও কাজ করবে এমন নিয়ম রয়েছে। কিন্ত ইউপি সদস্যরা ঘুষ নিয়ে তালিকা কাটছাঁট করে নতুন লোককে তালিকাভুক্ত করেছেন। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে আগের তালিকাভুক্ত চার থেকে পাঁচজনের নাম কেটে নতুন নাম অর্ন্তভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

তালিকা থেকে নাম বাদ যাওয়া আইয়ুব আলী খাঁন গত ৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনএ) অফিসে অভিযোগ দিয়েছেন। ইউএনও তাৎক্ষণিকভাবে অভিযোগ যাচাই করে সত্যতা পান। এ কারণে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলামকে তালিকা কাটছাঁট করার জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেন।

এদিকে উপজেলার কাশিরাম ইউনিয়নের ৮, ৯ নং ওয়ার্ডের তালিকায় ২৫ জন শ্রমিক থাকার কথা। কিন্ত বাস্তবে কাজ করছেন মাত্র ২০ জন। গত বুধবার (৮ মার্চ) দুপুরে কাজী পাড়া গ্রামে সরেজমিনে এমন চিত্র চোখে পড়ে। সেখানে ৮ নং ওয়ার্ড সদস্য নুরন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তালিকায় নাম থাকা সচ্ছল ব্যক্তিরা কাজ না করেই টাকা উঠিয়ে নেন। তিনি অভিযোগে বলেন, এমন অবস্থা চলছে উপজেলার পাঁচ ইউনিয়নে।

সূত্র জানায়, এ বছর কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় সৈয়দপুর উপজেলার পাঁচ ইউনিয়নে ৯৫৫ জনের নাম তালিকায় রয়েছে। এর অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৬ লাখ ৪০ হাজার টাকা। ওই পাঁচ ইউনিয়নে ২৫টি দলে ১৩০ জন সচ্ছল ব্যক্তি কাজ না করেই টাকা নিচ্ছেন। কাজের গরহাজিরা থেকে প্রকল্পের টাকা তুলছেন এমন অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাখখারুল ইসলাম জানান, ‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর সত্যতা পাওয়া গেলে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জানান, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির তালিকা কাটছাঁট করার অভিযোগ সত্য। তাই অভিযুক্ত ইউপি সদস্য সাইদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব মিললে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফএস/ 

আরও পড়ুন- 

শিক্ষার্থীদের ভালো রেজাল্টের জন্য প্রশ্নফাঁস হচ্ছে স্কুল থেকেই!

নেতাদের বাঁচাতে হেফাজতের নতুন কৌশল