৪ দফা দাবিতে রংপুর মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালচিকিৎসকদের নিরাপত্তা দেওয়াসহ চার দফা দাবিতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। কোনও ঘোষণা ছাড়াই শনিবার বিকাল থেকে ধর্মঘট শুরু করায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, হাসপাতালে দায়িত্ব পালনের সময় প্রায়ই তাদের রোগীর স্বজনসহ বহিরাগতদের হামলার শিকার হতে হয়। এরই পরিপ্রেক্ষিতে তারা বাধ্য হয়ে চার দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।

চার দফা দাবি হলো ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অ্যাটেনডেন্টদের দুপুর ১২টার পর ছাড়া ওয়ার্ডে প্রবেশ নিষিদ্ধ করা, প্রতিটি ওয়ার্ডে সিকিউরিটি গার্ড নিয়োগ এবং হাসপাতাল চত্বরে পুলিশ ক্যাম্প স্থাপন।

এ ব্যাপারে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ফারহান জানান, তাদের চার দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন।

সার্বিক বিষয়ে জানতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মওদুদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,  আজই (শনিবার) এখানে যোগদান করেছেন। ইন্টার্ন চিকিৎসকদের আকস্মিক ধর্মঘট অনাকাঙ্খিত। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

/বিএল/