ফুলবাড়ীতে দুই স্কুল ছাত্র নিখোঁজ

ডানে জেন্নাত এবং বায়ে রিপন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে দুই স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলো রিফাত হোসেন জেন্নাত (১৩)এবং রিপন চন্দ্র রায় (১৫)। এরমধ্যে রিফাত হোসেন তিন দিন ধরে এবং রিপন চন্দ্রকে এক মাস ধরে নিখোঁজ রয়েছে। এর মধ্যে জেন্নাতের বাবা ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি ক‌রে‌ছেন বলে জানান ওই থানার ডিউটি অফিসার এ এস আই আনারুল ইসলাম ।

রিফাত হোসেন জেন্নাত উপজেলা সদরের চন্দ্রখানা বুদার বান্নি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ।

রিফা‌তের বাবা জাহাঙ্গীর আলম জানান, রিফাত গত ৩১ জুলাই বিকেলে  উপজেলা সদরের ‘পাঠশালা’ কোচিং সেন্টারে যায়। অনেক রাতেও বাড়িতে না ফেরায় তিনি কোচিং সেন্টারে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, সে অনেক আগেই বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছে। পরে স্থানীয়ভাবে মাইকিং, পরিচিত জনসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে তিনি বুধবার দুপুরে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।

অপর নি‌খোঁজ ছাত্র রিপন চন্দ্র রায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাদিয়ারটারি গ্রামের রতিকান্ত রায়ের ছেলে ব‌লে জানা গে‌ছে। সে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।

রিপনের বাবা রতিকান্ত রায় জানান, আত্মীয় বাড়ি যাওয়ার কথা বলে বের হয়ে রিপন আর ফিরে আসেনি। গত এক মাস ধরে রিপন নি‌খোঁজ। আত্মীয়স্বজনের বাড়িসহ প‌রি‌চিত বি‌ভিন্ন জায়গায় খোঁজ নি‌য়েও তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

উভয় প‌রিবার তা‌দের সন্তান‌দের ফি‌রে পাওয়ার জন্য প্রশাসনসহ সবার সহায়তা কামনা ক‌রছেন।

‌এ ব্যাপারে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এ এস আই আনারুল ইসলাম জানান, নিখোঁজ স্কুল ছাত্র জেন্নাতের বাবা জাহাঙ্গীর আলম থানায় একটি সাধারণ ডায়েরি করে‌ছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: জাবিতে শিক্ষার্থীদের পক্ষে মাঠে নামছেন শিক্ষকরা