হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১৫ থেকে ২০ টাকা

পেঁয়াজদিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়েছে।এছাড়াও বাজারে দেশীয় জাতের পাতা পেঁয়াজ উঠার ফলে বাজারে পণ্যটির সরবরাহ বেড়েছে।এতে  মাত্র তিন দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। 

সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, বর্তমানে ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ার কারণে  বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়ে গেছে। ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজি  ৪০ টাকা থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিন দিন আগেও এসব জাতের পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।




বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ প্রতি কেজি খুচরাতে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৪২ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে। তিন দিন আগে এসব জাতের পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়া বাজারে দেশীয় পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে এসব পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করার ফলে সেদেশের বাজারেই পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বেড়ে গেছে। এছাড়াও সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় দেশীয় জাতের পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এর ফলে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ  বেড়েছে। এ কারণে আমদানি করা পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় মাত্র তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারিতে কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা।