সকাল ৮টা ৪৫ মিনিটে মাহীগঞ্জের দেওয়ানতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা। এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু থাকবে কিনা সেব্যাপারে বাবলা শঙ্কাও প্রকাশ করেছেন।
সকাল ৯টা ২১ মিনিটে নগরীর আলমনগর কলেজরোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই ভালো আছে। কোনও ধরনের অস্বস্তিকর পরিস্থিতির খবর পাইনি। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন।’
প্রায় একই সময় গুপ্তপাড়ায় সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন সিপিবি-বাসদের প্রার্থী আব্দুল কুদ্দুস। তিনিও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশনে (রসিক) দ্বিতীয় বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এর আগে ২০১২ সালের ২০ ডিসেম্বর রসিকে প্রথম ভোট হয়। এবার নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রে ১ হাজার ১২২টি বুথে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার ভোট দেবেন।
আরও পড়ুন:
রসিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই, পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম
এরশাদ বাসায়, রিকশায় নগরী ঘুরেছেন রাঙ্গা
রসিক নির্বাচন: টহল দেবে হেলিকপ্টার, থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট
‘এরশাদ ৩০ বছর ধরে ভোট নিলেও রংপুরের কোনও উন্নয়ন করেননি’
ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো, তবে শঙ্কা আছে: বাবলা
রসিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জাপার মোস্তফা