বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রে ১ হাজার ১২২টি বুথে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার ভোট দেবেন। ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৩৫৬ জন এবং নারী এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
২৫ নম্বর ওয়ার্ডের রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৯৬০ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৪৭০, নারী ১ হাজার ৪৯০ জন।
ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। তবে আগে থেকে প্রশিক্ষণ না পাওয়ার কারণে ভোট দিতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন। পূর্ব শালবন এলাকার বাসিন্দা নাদিরা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট দিতে এসে আমাকে আধা ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। হঠাৎ করে ইভিএম মেশিন কাজ না করায় ভোট দিতে দেরি হয়েছে।’
একই অভিযোগ করেছেন স্থানীয় ভোটার সালাম মিয়া। তবে প্রিসাইডিং অফিসার আশরাফুল ইসলাম এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছেন, ‘ইভিএম মেশিনে কোনও সমস্যা নেই। একজন ভোটারকে প্রার্থী বাছাইয়ের জন্য মেশিনের তিনটি বোতাম চাপতে হবে। যারা দুটি বোতাম টিপেছেন তাদের বেলায়ই সমস্যা হয়েছে।’
সাড়ে ১১টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান প্রিসাইডিং অফিসার।
এর আগে বুধবার নির্বাচন কমিশন সবিচালয়ে এক সংবাদ সম্মেলনে রংপুরে ইভিএম ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি এদিন বলেন, ‘ইভিএম একটি টেকনিক্যাল বিষয়। এতে পারদর্শী হওয়ার বিষয় রয়েছে। ইভিএম ব্যবহার করতে গিয়ে কোথাও ভুল হয় কিনা- এমন আশঙ্কা রয়েছে।’
আরও পড়ুন-
রংপুরে ভোট শুরু
এরশাদ বাসায়, রিকশায় নগরী ঘুরেছেন রাঙ্গা
রসিক নির্বাচন: টহল দেবে হেলিকপ্টার, থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট
‘এরশাদ ৩০ বছর ধরে ভোট নিলেও রংপুরের কোনও উন্নয়ন করেননি’
ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো, তবে শঙ্কা আছে: বাবলা
রসিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জাপার মোস্তফা