আমরা ৩২ ধারা খতিয়ে দেখছি: টিআইবির নির্বাহী পরিচালক

ডিজিটাল নিরাপত্তা আইনট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাটি ক্ষতিয়ে দেখছি। সরকার হঠাৎ করে কেন এই আইনের খসরায় অনুমোদন দিয়েছেন? ধারাটি দেখে টিআইবির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হতে পারে।’

বুধবার (৩১ জানুযারি) নীলফামারীতে ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘দুর্নীতি মানেই ক্ষমতার অপব্যবহার। সেই ক্ষমতা রাজনৈতিক হোক, প্রশাসনিক হোক, সামাজিক হোক আর ব্যক্তিকেন্দ্রিক হোক। আমাদের ভেতরে যখন ক্ষমতার অপব্যবহারের চিন্তা থাকে তখনই দুর্নীতি হয়। আর দুর্নীতিকে রোধ করতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নিজেদের মনোভাবকে পরিবর্তন করতে হবে। রাষ্ট্রকে বিচারহীনতার মানসিকতার পরিবর্তন করতে হবে। দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণকে বাদ দিয়ে সরকার ও রাষ্ট্র কোনটি নয়। তাই দুর্নীতি রুখতে দেশের নাগরিকসহ তরুণদের এগিয়ে আসতে হবে। অতীতেও আমাদের তরুণরা  আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

সনাক সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রখেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় চিকিৎসকসহ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্ত ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।