পুলিশি বাধায় কার্যালয়ে ঢুকতে পারেনি বিএনপি নেতাকর্মীরাখালেদা জিয়ার রায়ের প্রতিবাদে রংপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ কাউকেই কার্যালয়ে ঢুকতে দেয়নি।
জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের সেখান থেকে হটিয়ে দেয়। এরপর বিকল্প পথে বেশ কয়েকবার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়। এভাবে দুপুর ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দফায় দফায় দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করে শেষ পর্যন্ত নিজেরাই রণে ভঙ্গ দিয়ে চলে যায়।
৬এ ব্যাপারে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন অভিযোগ করেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিলের চেষ্টা করলেও পুলিশ দলীয় নেতাকর্মীদের কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি। ফলে পূর্ব নির্ধারিত মিছিল করতে পারিনি।’
ঘটনাস্থলে কর্তব্যরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোনও কর্মকাণ্ড আমরা করতে দিতে পারি না।’